‘মুস্তাফিজকে মিস করবে তাসকিন’

৪০

ক্রীড়া প্রতিবেদক : একমাত্র টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন ভারতে। নিউজিল্যান্ড সফরে ইনজুরিতে পরা মুস্তাফিজুর রহমানকে নেওয়া হয়নি ভারতে।

ভারতে না গেলেও বাংলাদেশ ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক সাউথ জোনের হয়ে খেলছেন মুস্তাফিজ। আগামীকাল রোববার ভারত ‘এ’ দলের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

তার আগে আজ শনিবার নেটে ঘাম ঝরান বাংলাদেশের ক্রিকেটাররা। অনুশীলন শেষে বাংলাদেশ দলের সেনসেশনাল পেসার তাসকিন আহমেদ কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

সেখানে মুস্তাফিজের অনুপস্থিতির বিষয়ে প্রশ্ন করা হলে তাসকিন আহমেদ বলেন, ‘বর্তমানে জাতীয় দলে অনেক ফাস্ট বোলার আসছে। সবাই বেশ সম্ভাবনাময়। তবে এটা সত্য যে আমরা মুস্তাফিজকে মিস করব। সে একজন বিশ্বমানের পেসার এবং যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। দুর্ভাগ্যজনকভাবে ভারত সফরের জন্য দল ঘোষণার আগে সে পুরোপুরি ফিট ছিল না। আশা করছি খুব শিগগিরই সে ফিরে আসবে। আবার আমরা একসঙ্গে বল করব।’