বাংলাদেশের বিপক্ষে ভারত ‘এ’ দলে পান্ডিয়া, অধিনায়ক মুকুন্দ

২৬

 ক্রীড়া ডেস্ক: ভারতের হায়দরাবাদে ঐতিহাসিক টেস্টের আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে মুশফিক, সাকিবদের প্রতিপক্ষ ভারত ‘এ’ দল।

দলটিকে নেতৃত্ব দেবেন অভিনব মুকুন্দ। এ ছাড়া জাতীয় দলের ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকেও রেখেছে নির্বাচক প্যানেল। শনিবার প্রস্তুতি ম্যাচের জন্য ১৪ জনের  ভারত ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই।

 

ভারতের রঞ্জি ট্রফিতে ভালো করা ক্রিকেটারদেরই বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বেশি সুযোগ দেওয়া হয়েছে। এই মৌসুমে সর্বোচ্চ স্কোরার প্রায়াঙ্ক কিরিত প্রাঞ্চল প্রস্তুতি ম্যাচে ডাক পেয়েছেন। এছাড়াও বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে স্কোয়াডে ডাক পেয়েছেন মহারাষ্ট্রের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি হাঁকানো রিসাভ পান্ট।

ভারত ‘এ’ দল : অভিনব মুকুন্দ (অধিনায়ক), ইশান কিশান, প্রায়াঙ্ক কিরিত প্রাঞ্চল, শ্রেয়াশ ইয়ের, ইশাঙ্ক জাগ্গি, রিসাভ পান্ট, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া, শাহবাজ নাদিম, জায়ান্ত যাদব, কুলদীপ যাদব, আঙ্কিত চৌধুরী, সিবি মিলিন্দ, নিতিন সাইনি।

৫ ফেব্রুয়ারি সিকান্দারাবাদের জিমখানা মাঠে শুরু হবে বাংলাদেশের দুদিনের প্রস্তুতি ম্যাচ।

 

আগামী মাসে ঐতিহাসিক টেস্ট ম্যাচ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ দল। শুক্রবার এক ই-মেইল বার্তায় এই সফরের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড।

তাদের ই-মেইল বার্তায় প্রকাশিত সূচি অনুযায়ী ২ ফেব্রুয়ারি বাংলাদেশ দল ভারতের হায়দরাবাদে পৌঁছবে। ৩ ও ৪ ফেব্রুয়ারি তারা সেখানে বিশ্রাম নেবে অথবা অনুশীলন করবে। ৫ ও ৬ ফেব্রুয়ারি ভারতের ‘এ’ দলের বিপক্ষে একটি দুইদিনের অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ।

৭ ফেব্রুয়ারি বিশ্রাম নেবে বাংলাদেশ। চাইলে কেউ অনুশীলনও করতে পারবে। ৮ ফেব্রুয়ারি অনুশীলনের পর ৯ ফেব্রুয়ারি টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে চলবে এই টেস্ট।

সবকিছু ঠিকঠাক থাকলে ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশের উদ্দেশ্যে ভারত ছাড়বে বাংলাদেশ দল।

তারিখ                       কার্যক্রম

২ ফেব্রুয়ারি                 বাংলাদেশ দল হায়দরাবাদে পৌঁছবে

৩ ফেব্রুয়ারি                বিশ্রাম/অনুশীলন

৪ ফেব্রুয়ারি                 বিশ্রাম/অনুশীলন

৫-৬ ফেব্রুয়ারি             ‘এ’ দলের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচ

৭ ফেব্রুয়ারি                বিশ্রাম/অনুশীলন

৮ ফেব্রুয়ারি                অনুশীলন

৯-১৩ ফেব্রুয়ারি            একমাত্র টেস্ট ম্যাচ

১৪ ফেব্রুয়ারি               বাংলাদেশ দলের ভারত ত্যাগ।