চলেই গেল কবর থেকে ফেরা সেই শিশুটি

৩৬
galib1474859016

ফরিদপুরের সেই নবজাতক

মেডিক্যাল প্রতিনিধি : কবর দেওয়ার সময় কেঁদে ওঠা ফরিদপুরের সেই নবজাতক আর নেই।

 

রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। স্কয়ার হাসপাতালের চিকিৎসক আবতাব ইউসুফ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘রোববার রাতে নবজাতকের মৃত্যু হয়। সে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিল।’

 

শিশুর পরিবারিক সূত্র জানিয়েছে, শিশুটির নাম রাখা হয়েছিল গালিবা হায়াৎ।

 

গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে ফরিদপুরে জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতালে শিশুটির জন্ম হয়। শিশুটিকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা দেন। ছয় ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল ৬টার দিকে দাফনের সময় শিশুটি কেঁদে ওঠে। এরপর তাকে আবার হাসপাতালে নেওয়া হয়।

 

পরে উন্নত চিকিৎসার জন্য হাঙ্গেরি প্রবাসী এক বাংলাদেশির সহায়তায় শনিবার বিকেলে ওই নবজাতককে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।

 

এর আগে নবজাতকের চাচা শামীমুল হক তালুকদার চিকিৎসকের বরাত দিয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন, শিশুটি বড় ধরনের ইনফেকশনে আক্রান্ত হয়েছে। রক্ত পরীক্ষার জন্য শিশুটির শরীর থেকে রক্ত নেওয়া হয়েছিল। রক্ত নেওয়ার সেই জায়গা থেকে রক্তপাত বন্ধ করা যাচ্ছে না।