১০ কোটিতে রোনালদোর বিলাসবহুল কার

২৩

ক্রীড়া5 ডেস্ক :ইউরোপের তাবৎ শক্তিশালী দলকে পেছনে ফেলে মর্যাদার ইউরো ২০১৬ আসরের শিরোপা জিতেছে পর্তুগাল। স্বাগতিক ফ্রান্সকে কাঁদিয়ে পর্তুগালের এই শিরোপা জয়ের নায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।

 

শিরোপা জয়ের পর রিয়াল মাদ্রিদ সুপারস্টারের কালেকশনে যোগ হয়েছে নতুন একটি সুপার কার। বুগাতি বেরন নামে বিলাসবহুল এই কারটিকে ‘অ্যানিমেল’ বলে উল্লেখ করেছেন পর্তুগিজ অধিনায়ক।

 

ফ্রান্সে সদ্য শেষ হওয়া ইউরো চ্যাম্পিয়নশিপে ৩টি গোল করেছেন রোনালদো। তবে গোলের চেয়ে সতীর্থদের মাঠে ও মাঠের বাইরে বিভিন্ন সহায়তা ও পরামর্শের মাধ্যমে উজ্জীবিত করার কাজটাই বেশি করেছেন তিনবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী তারকা। এই শিরোপা জয়ের মাধ্যমে নিজেকে আরো উচ্চতায় নিয়ে গেছেন তিনি।

 

ফুটবল মাঠে সেরা পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সেরাটা ধরে রাখতে চান রোনালদো। বিভিন্ন ফ্যাশনের পাশাপাশি ব্যক্তিগত চলাফেরার জন্য তার গাড়িতেও দেখা যায় সেরা অভিজাত্যের ছাপ। এবার ইউরো জয়ের পর ব্র্যান্ড নিউ বুগাতি বেরন গাড়িটি কিনেছেন রোনালদো।

 

বেরনের ১৬.৪ গ্র্যান্ড স্পোটর্স বিটেসে ভার্সনের গাড়িটিকে অ্যানিমেল বলে অ্যাখায়িত করেছেন রোনালদো। ঘন্টায় ৪১০ কি.মি গতিতে ছুটতে পারে এটি। বিলাসবহুল এই গাড়িটির ০-১০০ কি.মি. গতি উঠতে সময় লাগে মাত্র ২.৬ সেকেন্ড।

 

বুগাতি লেভেলের গাড়িগুলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং দ্রুতগতির হয়ে থাকে। রোনালদোর বুগাতি বেরন গাড়িটি চাইলে আপনিও কিনতে পারেন। তবে এর জন্য আপনাকে গুনতে হবে ১.২ মিলিয়ন ইউরো! বাংলাদেশি মুদ্রায় যার মূল্যমান দাঁড়ায় প্রায় ১০ কোটি ৪৮ লাখ টাকার মতো।