আন্তর্জাতিক ফুটবলকে মেসির বিদায়

২৮
151

লিওনেল মেসি

ক্রীড়া ডেস্ক :  টাইব্রেকারে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে কোপা আমেরিকার শতবর্ষী আসরের শিরোপা জিতে নেয় চিলি। টাইব্রেকারে আর্জেন্টিনার প্রথম শটটি নেন মেসি। কিন্তু তার শট বারপোস্টের অনেক উপর দিয়ে মাঠের বাইরে চলে যায়।

নায়ক থেকে খলনায়ক বনে যাওয়া মেসি ম্যাচ শেষ জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন। ম্যাচ হারের পর আর্জেন্টিনার একটি টেলিভিশনকে মেসি বলেন,‘এখানেই শেষ। জাতীয় দলের হয়ে এখানেই শেষ করছি। চারটি ফাইনাল আমার জন্যে ছিল না। আমি যেই সিদ্ধান্ত নিয়েছি সেটা চূড়ান্ত। জয়ই আমার কাছে সবচেয়ে বড় বিষয়। কিন্তু আমি সেটা পাচ্ছি না। এটা খুব হতাশাজনক।’

জাতীয় দলের জার্সিতে চারবার দলকে ফাইনালে নিয়ে এসেও শিরোপা উপহার দিতে পারেননি মেসি। ২০০৭ সালে কোপা আমেরিকা দিয়ে শুরু মেসির। এরপর ২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির কাছে শিরোপা হারায় আর্জেন্টিনা। ২০১৫ সালে চিলির কাছে কোপার শিরোপা হারানোর পর এবার কোপা আমেরিকার শতবর্ষী আসরেও শিরোপা হারাল মেসির আর্জেন্টিনা।

টাইব্রেকারে পেনাল্টি মিস করার পর কান্নায় ভেঙে পড়েন মেসি। পুরস্কার বিতরণী মঞ্চেও বিষন্ন দেখা যায় মেসিকে। রানার্সআপ মেডেল পাওয়ার পর তা মুহুর্তেই খুলে রাখেন।

পিঠের চোটের কারণে এবার গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে খেলতে পারেননি মেসি। পরের দুই ম্যাচে মাঠে নেমেছিলেন বদলি হিসেবে। দাপট দেখিয়ে দলকে ফাইনালে তুলেছেন, সঙ্গে গোলও করেছেন। ৫টি গোল এসেছে মেসির পা ছুঁয়ে, যা টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ। ২৯ বছর বয়সি মেসি ২০০৫ সালে প্রথম জাতীয় দলের জার্সি গায়ে জড়ান। এখন পর্যন্ত ১১২টি ম্যাচ খেলেছেন দলটির হয়ে। গোল করেছেন ৫৫টি।