নিয়ম মেনেই নিজামীর ফাঁসি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৩৯
i

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

নিজস্ব প্রতিবেদক :  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নিয়ম অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হবে।

 

শুক্রবার সকালে ধানমন্ডিতে নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

 

 

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রায় কার্যকরের জন্য সরকারের পক্ষ থেকে আগাম কিছু করার দরকার নেই। কেননা আপিল বিভাগও তাকে ফাঁসিতে ঝুলানোর আদেশ দিয়েছেন।’

 

তিনি বলেন, ‘তার বিচার শেষ হয়েছে। সরকার বিচারের ক্ষেত্রে কোনো ধরনের হস্তক্ষেপ করেনি। আর আদালতের আদেশ যে কেউ মানতে বাধ্য।’

 

মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রইব্যুনালের পর সর্বোচ্চ আদালতও একই আদেশ বহাল রেখেছেন। এখন তার একমাত্র বাঁচার উপায় রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা। কিন্তু তিনি প্রাণভিক্ষা চাইবেন কিনা তা তার নিজস্ব ব্যাপার। প্রাণভিক্ষা চাইলে কারা কর্তৃপক্ষকে তিনি অবহিত করবেন। আর আবেদন না করলে যা হবার তাই হবে।’

 

বৃহস্পতিবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ মৃত্যুদণ্ডের বিরুদ্ধে নিজামীর করা রিভিউ আবেদন খারিজ করে ফাঁসি বহাল রাখেন। ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালের এই রায় বাতিল ও তাকে বেকসুর খালাস দে্ওয়ার আবেদন জানিয়ে ওই বছরের ২৩ নভেম্বর আপিল করেন নিজামী। এরপর গত ৬ জানুয়ারি আপিলেও নিজামীর মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।