‘মশাল’ প্রতীক পেলেন ইনু

৩৬
3

তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু

নিজস্ব প্রতিনিধিঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ‘মশাল’প্রতীক নিয়ে দ্বন্দ্বের অবসান হলো অবশেষে। জাসদ সভাপতি হাসানুল হক ইনুকেই মশাল প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

 

বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানান, মশাল প্রতীক কে পাবেন, তার সুরাহা করতে সব কমিশনার বৈঠক করে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হাসানুল হক ইনুকে এই প্রতীক দেন।

 

ইসি সূত্রে জানা যায়, এর আগে শুনানির সময় দুই পক্ষকেই দলের কাউন্সিলের দলিলাদি এবং কাউন্সিলরদের মধ্যে কোন পক্ষের অধীনে কতজন কাউন্সিলর, সংসদ সদস্য রয়েছেন ইত্যাদি তথ্য দেওয়ার জন্য বলা হয়। সে সময় দুই পক্ষই দলিলাদি জমা দেয়। সেসব বিশ্লেষণ করে দেখা গেছে, জাসদের কাউন্সিলের সময় সভাপতি পদ নিয়ে কোনো দ্বন্দ্ব হয়নি। সে সময় সবার সমর্থনেই হাসানুল হক ইনু সভাপতি নির্বাচিত হন। তাই তার অংশটিকেই মূল জাসদ হিসেবে ধরে নিয়েছে ইসি।

 

সুত্র আরো জানায়, আগামী তিন থেকে চার দিনের মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা তাদের চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে যারা `মশাল` পাচ্ছেন না তাদের আদালতে যেতে বাধা নেই।

 

উল্লেখ্য, গত ১২ মার্চ জাসদের কাউন্সিলে সাধারণ সম্পাদক পদ নিয়ে বিরোধের জেরে প্রাক্তন সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বাধীন একটি অংশ এবং হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন অংশ কমিটি গঠন করে।

 

এরপর দুই পক্ষই নিজেদের প্রকৃত জাসদ দাবি করে ইউপি নির্বাচনে নিজেদের সমির্থত চেয়ারম্যান প্রার্থীদের ‘মশাল’ প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য ইসিতে চিঠি দেয়। পরে গত ৬ এপ্রিল দুই পক্ষেরই শুনানি হয় ইসিতে। তবে সেই দিন কোনো সিদ্ধান্ত দেয়নি ইসি।

 

এদিকে গত রোববার প্রধান নির্বাচন কমিশনারের কাছে ‘মশাল’অন্য কাউকে না দেওয়ার জন্য চিঠি দেন হাসানুল হক ইনু।